
কলমে: তনিমা ভট্টাচার্য্য
আমার জীবনের সেরা নারী হলেন দুইজন প্রথম আমার দিদিমা তিনি ছিলেন আমার জীবনের দেখা শ্রেষ্ঠ নারী। তার জীবনের অনেক কথাই হয়ত আমার অজানা রয়ে গেছে , কারণ আমি এতটাই দূরে থাকতাম যে তাঁর সাথে সময় কাটানোটা ছিলো বছরে একবার। তবু ও তিনিই আমার দেখা শ্রেষ্ঠ নারী। তিনি ছিলেন গুনবতী, অল্পে খুশী , প্রচুর পরিশ্রমী ও অন্যের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তীব্র প্রবণতা রাখা একটি মানুষ।
দ্বিতীয় আমার মা। হ্যাঁ মা প্রত্যেকের জীবনেই তার দেখা শ্রেষ্ঠ নারী হন , তবে আমার দেখাটা একটু অন্য রকম। আমার ছোটো বেলাটা কেটে ছিলো সেই বিহারে গয়া জেলায়। আমার মা ছিলেন পশ্চিম বাংলার মেয়ে ও বিয়ে হয়ে যায় বিহারে। তখন কার দিনের মাধ্যমিক পাশ। মানে হিন্দি কিছুই জানা নেই। ভাষা না জানা ৮০ দশকে সত্যি একটি বড় ব্যাপার ছিলো। আমার পরিবার বড়। যখন স্কুলে ভর্তি হলাম তখন সেখানে তো হিন্দি খুব জরুরি বিষয় , মা তখন নিজে হিন্দি শিখে আমাকে পড়ানো শুরু করেন। এবং আমার জীবনের প্রত্যেকটি পরীক্ষায় সে নিজে আমাকে হাতে ধরে শেখাতে থাকেন। বৃহৎ পরিবার তাই প্রচুর কর্ম ব্যস্ততা সারাদিন , বাবা কর্মসূত্রে বাইরেই থাকতেন। মায়ের সেই দশভুজা রূপে ও মা সরস্বতী রূপে কাছে পেতাম। আজও মা আমাদের শীতল ছত্রছায়া। তার সান্নিধ্যে আমি আজও এক পরম শান্তির অনুভুতি পাই। আমি আজ চিত্রশিল্পী রূপে যা পরিচিতি অর্জন করেছি বলা বাহুল্য তার সম্পূর্নই আমার মায়ের অবদান।
©️ তনিমা ভট্টাচার্য্য
25/07/2025